গত মে মাসে ভেনেজুয়েলায় মৃত্যু হয়েছিল ৩৩ বছরের ভারতীয় নাবিক রাকেশ চৌহানের। মৃত্যুর একমাস পর সম্প্রতি সেই দেহ ফিরেছে পরিবারের কাছে। বাড়ির ছেলের দেহ দেখার পর স্তম্ভিত মৃতের পরিবার। জানা যাচ্ছে, রাকেশের দেহ থেকে গায়েব হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সব অঙ্গ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। কে বা কারা রাকেশের শরীর থেকে অঙ্গ বের করেছে তার তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার।
উত্তরপ্রদেশের বাসিন্দা রাকেশ চৌহান বাণিজ্যিক জাহাজে কাজের জন্য ২০২৫ সালের নভেম্বর মাসে ভেনেজুয়েলা গিয়েছিলেন। সেখানে এক্সফিনিটি নামে এক সংস্থায় কাজ শুরু করেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর গত মে মাসে সংস্থার তরফে হঠাৎ জানানো হয় মৃত্যু হয়েছে রাকেশের। ভেনেজুয়েলা সরকারের তরফেও বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। একমাস দেহ ফ্রিজে রাখার পর ৪ জুন ভারতে ফেরে সেই দেহ। তবে সেই দেশের সঙ্গে ময়নাতদন্তের কোনও রিপোর্ট পাঠানো হয়নি। ফলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট ছিল না পরিবারের কাছে।